ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

তিন হাসপাতালে আইসিইউ স্থাপন করবে অ্যামচেম

তিন হাসপাতালে আইসিইউ স্থাপন করবে অ্যামচেম

প্রকাশ: ০২ নভেম্বর ২০২১ | ১৯:৪২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১৬:০০

যশোর, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার তিন হাসপাতালে আইসিইউ, এইচডিইউ স্থাপন করতে একটি প্রকল্প নিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। পাশাপাশি এ প্রকল্পের মাধ্যমে এসব হাসপাতালে জরুরি চিকিৎসাসেবা সুবিধাও বাড়ানো হবে।
গতকাল মঙ্গলবার 'স্বাস্থ্যসেবায় অ্যামচেম কভিড-১৯ সহায়তা উদ্যোগ (ফেজ-২)' শীর্ষক এ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। অনলাইনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাজিদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজা কবির প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদিও নিয়মিত করোনা সংক্রমণ কমছে এবং টিকা দেওয়া হচ্ছে। কিন্তু বিভাগীয় শহরের বাইরের হাসপাতালগুলোতে প্রয়োজনের তুলনায় স্বাস্থ্যকর্মী নেই। অনেক জায়গায় সংকটাপন্ন পরিস্থিতি মোকাবিলা বা জরুরি চিকিৎসা দেওয়ার মতো সরঞ্জামও নেই। এসব হাসপাতালের এই দুরবস্থা দূর করা জরুরি। এই পরিপ্রেক্ষিতে অ্যামচেম স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে সাজিদা ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় হাসপাতালগুলোতে আইসিইউ ও এইচডিইউ স্থাপন ও ব্যবস্থাপনা করা হবে। এ ছাড়া ডায়াগনস্টিক সেবা ও করোনা রোগীদের ওষুধ দেওয়া হবে।
যশোর, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার তিনটি সরকারি হাসপাতালে এসব করা হবে।

আরও পড়ুন

×