ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বিপসট পরিদর্শন করলেন বিদেশি সেনা কর্মকর্তারা

বিপসট পরিদর্শন করলেন বিদেশি সেনা কর্মকর্তারা

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১ | ১৯:০৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২১ | ২০:০৭

সেনাবাহিনী আয়োজিত বহুজাতিক সামরিক অনুশীলন 'শান্তির অগ্রসেনা'র অংশ হিসেবে সোমবার রাজেন্দ্রপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের সেনা কর্মকর্তারা।
তাদের মধ্যে ছিলেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে, ভুটান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল দরজি রিনচেন, জাতিসংঘ মাল্টি-ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ইন সেন্ট্রাল আফ্রিকা (মিনুসকা), মাল্টি-ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ইন মালি (মিনুসমা) এবং ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদানের ফোর্স কমান্ডারসহ দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। অতিথিরা বিপসটের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম দেখেন এবং প্রতিষ্ঠানটির কমান্ড্যান্টের সঙ্গে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশিক্ষণের বিষয়ে মতবিনিময় করেন। বিপসট বাংলাদেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশন, বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা অতিথিদের অভ্যর্থনা জানান। পরিদর্শনের অন্যতম বিষয়বস্তু হিসেবে বিপসটের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম উপস্থাপন ছাড়াও বর্তমান সময়ের শান্তিরক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট-প্রতিকূল পরিস্থিতির আলোকে বেসামরিক জনগণের নিরাপত্তা-সংক্রান্ত বাস্তবধর্মী অভিযানের একটি মহড়া প্রদর্শন করা হয়।
পরিদর্শনকালে বাংলাদেশের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান ছাড়াও সেনাসদরের বিভিন্ন পরিদপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।

আরও পড়ুন

×