খুলনায় যুবদল সভাপতি
আ'লীগ নেতাদের লুটপাটে দেউলিয়া হচ্ছে দেশ
×
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২ | ১০:৪৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২২ | ১০:৪৬
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আওয়ামী লীগ নেতাদের লুটপাটে দেশ আজ দেউলিয়া হওয়ার পথে। রাষ্ট্রীয় কোষাগারে টাকা নেই, সব টাকা মন্ত্রী-এমপি ও তাঁদের আত্মীয়স্বজনের কাছে। জনগণের কষ্টার্জিত টাকা লুটপাট করে তাঁদের ব্যাংক ব্যালান্স বহুগুণ বেড়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উদ্ৃব্দতি দিয়ে যুবদল সভাপতি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে যদি পাশের দেশের সহযোগিতা কামনা করা হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকে? তিনি বলেন, আমরা ক্ষমতার জন্য আন্দোলন করছি না; আমরা দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি।
কর্মিসভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। এতে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুল ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি মামুন হাসান ও সহসভাপতি নুরুল ইসলাম নয়ন।
কর্মিসভায় অতিথি ছিলেন কুষ্টিয়া যুবদলের সভাপতি মো. আলামিন, ঝিনাইদহের সভাপতি আহসান হাবিব রনক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, নড়াইলের সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, যশোরের সভাপতি এম তমাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, মাগুরার সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, বাগেরহাটের সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ প্রমুখ।
- বিষয় :
- যুবদল
- দেউলিয়া
- আওয়ামী লীগ নেতা
- লুটপাট