ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক নেতাকে টয়লেটে অবরুদ্ধ করে রাখল উত্তেজিত জনতা

শিক্ষক নেতাকে টয়লেটে অবরুদ্ধ করে রাখল উত্তেজিত জনতা
×

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩ | ১১:১৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ | ১১:১৭

সাতক্ষীরার শ্যামনগরে মামুনুর রশিদ নামের এক শিক্ষক নেতাকে টয়লেটে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। গতকাল রোববার উপজেলা পরিষদ সংলগ্ন গোল চত্ত্বরের পাশে এ ঘটনায় ঘটে।

মামুনুর রশিদ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলার ৫৮ নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

গতকাল রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (তদন্ত ও শৃঙ্খলা) নাসিমা আক্তারের নেতৃত্বে একটি অভিযোগের তদন্ত চলছিল। এ সময় সেখানে উপস্থিত হলে উত্তেজিত জনতার রোশানলে পড়েন মামুনুর রশিদ। চাকরির প্রলোভনে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাহিদুল ইসলামসহ কয়েকজন বাকবিতণ্ডার এক পর্যায়ে তার ওপর চড়াও হয়।

এ সময় উত্তেজিত স্থানীয় জনতা তাকে টেনেহিঁচড়ে উপজেলা পরিষদের পাশের টয়লেটে আটকে রাখে। এরপর শিক্ষা অফিসের কর্মকর্তাসহ শিক্ষক নেতাদের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর টাকা ফিরিয়ে দেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার শিকার সহকারী শিক্ষক মামুনুর রশিদ এসব অভিযোগ অস্বীকার করে জানান, চাকরি দেওয়ার কথা বলে তিনি কোনো টাকা লেনদেন করেন নি। প্রতিপক্ষের ইন্ধনে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাফিজ মিয়া জানান, তদন্তস্থলের বাইরে এক শিক্ষক নেতার সঙ্গে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। পরে অবশ্য বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলে জেনেছি।

আরও পড়ুন

×