নাটোরের বদলে মাধনগর স্টেশন থেকে ছাড়ল বিশেষ ট্রেন
নাটোর স্টেশনে নেতাকর্মীদের সঙ্গে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ছবি-সমকাল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩ | ০৯:২০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ | ০৯:২০
প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে নাটোর থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ট্রেন ও শত শত যানবাহনে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে নাটোরের মাধনগর স্টেশন থেকে বিশেষ ট্রেনে করে রওনা হয়েছেন নেতাকর্মীরা। ঢাকা-রাজশাহী রেল রুটে চলাচলকারী আন্তঃনগর সিল্কসিটি ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকায় ওই ট্রেন বিশেষ ট্রেন হিসেবে নাটোরের মাধনগর স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি নাটোর স্টেশন থেকে ছাড়ার কথা থাকলেও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের চেষ্টায় প্রায় ২০ কিলোমিটার দূরের মাধনগর স্টেশন পর্যন্ত যায়। মাঝে বাসুদেবপুর ও নলডাঙ্গা স্টেশনেও ট্রেনটিকে স্টপেজ দিতে হয়েছে। ট্রেনের ভাড়া বাবদ ১ লাখ ২৪ হাজার ৩২৪ টাকা পরিশোধ করা হয়েছে।
জানা যায়, রোববার সকালে ট্রেনটি নাটোর স্টেশনে আসার পর বীরকুৎসা, মাধনগর, নলডাঙ্গা ও বাসুদেবপুর স্টেশনে অপেক্ষমাণ দলের নেতাকর্মীরা বিক্ষোভ করে। খবর পেয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নাটোর স্টেশনে ছুটে যান এবং ট্রেনটি মাধনগর স্টেশন পর্যন্ত নেওয়ার অনুরোধ করেন। এসময় এমপি শিমুল রেলমন্ত্রী, রেলসচিব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থা করেন। এজন্য অতিরিক্ত ৭৩ হাজার ৫০০ টাকা ভাড়া গুনতে হয়েছে। এমপি শফিকুল ইসলাম শিমুল নিজে ওই ট্রেনে চেপে মাধনগর স্টেশন যান।
স্থানীয় আওয়ামী লীগ নেতা ও রেলওয়ের কর্মকর্তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম আবেদনে ট্রেনটি নলডাঙ্গার বিরকুৎসা থেকে ছাড়ার জন্য বলেছিলেন। কিন্তু রেল কর্তৃপক্ষ নাটোর স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার কাগজপত্র পাঠায়। যথারীতি ট্রেনটি রাজশাহী থেকে সকাল ৯টার দিকে নাটোর স্টেশনে পৌঁছায়। এ খবরে নলডাঙ্গা উপজেলার বিরকুৎসা, মাধনগর, নলডাঙ্গা ওবাসুদেবপুর স্টেশনে অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী হতাশ হন। তারা এসব স্টেশনে বিক্ষোভ করতে থাকেন। পরে এমপি শিমুলের চেষ্টা ও অতিরিক্ত ভাড়া প্রদানের শর্তে ট্রেনটিকে মাধনগর স্টেশনে নিয়ে যাওয়া হয়। ট্রেনটি ১১টার পর নাটোর স্টেশনে ফিরে আসে। এসময় ট্রেনটি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপচে পড়া ভির ছিল। ট্রেনটি নাটোর স্টেশনে আসার আগেই ভরে যায়। মাধানগর থেকে ছেড়ে আসা ট্রেনটি বাসুদেবপুর ও নলডাঙ্গা স্টেশন থেকেও ঠেলাঠেলি ও হুড়োহুড়ি করে ট্রেনে উঠতে হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের।
যাত্রীদের অনেকেই জানান, তাদের হুড়োহুড়ি করেই ট্রেনে উঠতে হয়েছে। নাটোর স্টেশন আসার আগেই ট্রেন ভরে যায়।
নাটোর রেল স্টেশনের স্টেশনমাস্টার অশোক চক্রবর্তী জানান, সিল্কসিটি ট্রেনটি বিশেষ ট্রেন হিসেবে ব্যবহার করা হচ্ছে। রোববার সাপ্তাহিক বন্ধ থাকায় বিশেষ ট্রেন হিসেবে নাটোরের মাধনগর থেকে যাতায়াত করবে। তবে ট্রেনটি নাটোর স্টেশন থেকে যাতায়াত করার কথা ছিল। এজন্য ট্রেনের ভাড়া হিসেবে ১ লাখ ২৪ হাজার ৩২৪ টাকা পরিশোধ করা হয়েছে ট্রেনের আসন সংখ্যা ৭৩৫ টি। পরে বাড়তি ভাড়া দেয়ার শর্তে মাধনগর স্টেশন থেকে ট্রেনটি চলাচলের ব্যবস্থা করা হয়। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম এই ট্রেনটি মাধনগর স্টেশন থেকে চলাচলের ব্যবস্থা করেছেন। এই বিশেষ ট্রেন চলাচলের কারণে অন্য কোন ট্রেনের সময়সূচি এবং যাত্রীদের কোন সমস্যা হয়নি।
এদিকে বাসসহ অন্যান্য যানবাহনে করেও আওয়ামী লীগের নেতাকর্মীরা রোববার সকাল থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার জন্য শত শত বাস ও মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনে ভাড়া নেওয়ায় অন্য রুটে বাস চলাচল সিমীত ছিল।
একটি সুত্রে জানায়, রাজশাহীতে দলের নেতা কর্মীদের জন্য ৩শ বাস সহ প্রায় ৮শতাধিক অন্য যানবাহন ভাড়া করা হয়েছে।
জেলা বাস মলিক সমিতির সভাপতি লক্ষন পোদ্দার জানান, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার জন্য অধিকাংশ বাস ভাড়া নেওয়ায় সাধারণ যাত্রী পরিবহণের বাস সংখ্যাও সিমীত ছিল। এছাড়া যাত্রীও নেই ফলে বিভিন্ন রুটে যানবাহন চলাচল সীমিত রয়েছে।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- জনসভা
- আওয়ামী লীগ
- বিশেষ ট্রেন