ঈদে গাজীপুর থেকে বিশেষ ট্রেন যাবে পঞ্চগড়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১৫:৩৭ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ১৫:৩৭
গাজীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে রেলওয়ে। ঈদুল ফিতর উপলক্ষে ১৮ থেকে ২০ এপ্রিল উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের জন্য দুটি বিশেষ ট্রেন চলাচল করবে।
আজ বুধবার জয়দেবপুর স্টেশন পরিদর্শনের সময় ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য জানান।
রেলের এ কর্মকর্তা বলেন, বিশেষ ট্রেন দুটির মধ্যে একটি চলবে জয়দেবপুর থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পর্যন্ত। অনলাইনে সব টিকিট বিক্রি করা হলেও যাত্রার দিন শতকরা ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি করা হবে স্টেশন থেকে। ট্রেনটি ১৮ এপ্রিল থেকে জয়দেবপুর স্টেশন ত্যাগ করবে সন্ধ্যা ৭টা ১৫ মিনেটে, আর পঞ্চগড় পৌঁছবে ভোর ৫টা ২৫ মিনিটে।
ফেরার পথে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর জংশনে পৌঁছবে বিকেল ৩টা ৪৫ মিনিটে। ট্রেনটি কিসমত, ঠাকুরগাঁও রোড, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট ও সান্তাহারে যাত্রাবিরতি করবে। চিলাহাটি ঈদ স্পেশাল নামে অপর ট্রেনটি রাজধানীর কমলাপুর থেকে রাত ১১টা ৫৫ মিনিটে ছেড়ে সকাল পৌনে ১০টায় চিলাহাটি পৌঁছবে।
রেল কর্মকর্তা সফিকুর জানান, ঈদযাত্রার জন্য বুধবার পর্যন্ত ১৫ লাখ যাত্রী ট্রেনের টিকিটের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। এনআইডি ছাড়া কেউ টিকিট কাটতে পারবেন না। রেলের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
- বিষয় :
- বিশেষ ট্রেন
- ঈদুল ফিতর
- ঈদ
- রেলওয়ে