সাংবাদিক শিমুল হত্যামামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | ১৫:৫২
সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার বাদীপক্ষের সাক্ষী সাংবাদিক জহুরুল ইসলামকে অজ্ঞাতপরিচয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রোববার রাতে শাহজাদপুর থানায় জিডি করেছেন তিনি।
জহুরুল ইসলাম শাহজাদপুর প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি। এদিকে, জহুরুলকে প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সাংবাদিক জহুরুল ইসলাম জানিয়েছেন, শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় মিরুর কিছুই হবে না- এমন মন্তব্য করে এক সপ্তাহ ধরে মোবাইল ফোনে (০১৭৮৩-৫৯৫৭০২) অপরিচিত এক ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালাগাল করাসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বর্তমানে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।
শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডু বলেন, বিষয়টি গভীর উদ্বেগের। হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার জোর দাবি জানান তিনি।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি খাজা মো. গোলাম কিবরিয়া বলেন, হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা চলছে।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি এক সংঘর্ষের ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শিমুল শাহজাদপুর পৌরসভার মেয়র (বর্তমানে সাময়িক বরখাস্ত) হালিমুল হক মিরুর শটগানের গুলিতে গুরুতর আহত হয়ে পরেরদিন মারা যান।
এ ঘটনায় শিমুলের
স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ
হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
দেয়। বর্তমানে মামলাটি সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।
- বিষয় :
- সাংবাদিক শিমুল হত্যা
- সিরাজগঞ্জ
- সমকাল