সরকার যক্ষা নিরোধে বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছে: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন- ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ মার্চ ২০১৯ | ১৪:৩৫
চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, দেশে প্রতি বছর প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ যক্ষ্ণায় আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে প্রায় ৭০ হাজার মানুষ প্রতি বছর এ রোগে মারা যায়। তবে সরকার সব উপজেলা, পৌরসভা, মেট্রোপলিটন এলাকা, মেডিকেল কলেজ হাসপাতাল, কারাগার ও পোশাক কারখানায় যক্ষ্ণা রোগ নিরোধে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে।
শনিবার নগরীর সুফি ফজল আহমদ গ্যালারি মিলনায়তনে বাংলাদেশ যক্ষ্ণা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক মেয়র।
নাটাব চট্টগ্রাম সভাপতি মোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, নাটাব কেন্দ্রীয় সভাপতি মোজাফফর হোসেন পল্টু, একে খান কোম্পানির পরিচালক একে শামসুদ্দিন খান, নাটাব চট্টগ্রাম সিনিয়র সহসভাপতি শামসুল আলম শামীম, সাধারণ সম্পাদক এম এ ছবুর, প্রকৌশলী লোকমান হাকিম প্রমুখ।
সংগঠনের সহ-সম্পাদক শাহজাহান সুফির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম ফারুকসহ নাটাব নেতারা।