ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯ | ১২:৪০
পাথর আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের পাথর আমদানি বন্ধ করে দিয়েছে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ এজেন্ট) ব্যবসায়ীরা। বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন চার থেকে পাঁচ শতাধিক পাথরবাহী ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে থাকে। কিন্তু বৃহস্পতিবার থেকে হঠাৎ করে সব ধরনের পাথর আমদানি বন্ধ ঘোষণা করেন পাথর ব্যবসায়ীরা। আমদানি বন্ধের কারণে বন্দরটিতে অচলাবস্থা বিরাজ করছে।
ভারত থেকে আমদানিকৃত পাথর টনপ্রতি ১০ ডলারের পরিবর্তে রংপুর কাস্টমস কমিশনারেটের এক মৌখিক নির্দেশে ১২ ডলার নির্ধারণ করার কারণে এ অবস্থার সৃষ্টি হযেছে বলে পাথর আমদানিকারকরা জানিয়েছেন। অবিলম্বে বাড়তি দুই ডলার বৃদ্ধির নির্দেশ প্রত্যাহার করা না হলে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক ও পাথর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান পরাগ বলেন, আমদানিতে টনপ্রতি ১০ ডলারের পরিবর্তে ১২ ডলার অ্যাসেসমেন্ট ভ্যালু ভ্যাট বৃদ্ধি করায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রাখা হয়েছে। প্রতিটনে অ্যাসেসমেন্ট ভ্যালু ভ্যাট বৃদ্ধির নির্দেশ প্রত্যাহারের দাবি জানান তিনি।
- বিষয় :
- লালমনিরহাট
- পাটগ্রাম