ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ববি উপাচার্যকে ২৬ মে পর্যন্ত ছুটি

ববি উপাচার্যকে ২৬ মে পর্যন্ত ছুটি
×

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে ববি শিক্ষার্থীরা- ফাইল ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯ | ১৫:৪৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ | ১৫:৪৫

শিক্ষক-শিক্ষার্থীদের টানা আন্দোলনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম ইমামুল হককে ২৬ মে অর্থাৎ তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।  সোমবার তার ছুটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণে উপাচার্য প্রফেসর ড. ইমামুল হককে ১১ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত ছুটি মঞ্জুর করেছেন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. একেএম মাহাবুব হাসান অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব (বিশ্ববিদ্যালয়) হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপাচার্য ড. এস.এম ইমামুল হককে পুর্ণমেয়াদে ছুটি দেওয়ার ফলে অবসান হতে চলেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী লাগাতার ৩৫ দিনের আন্দোলন। সোমবার দুপুরে উপাচার্যকে ছুটিতে পাঠানোর খবর পৌঁছালে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠেন। তারা ক্যাম্পাসে আনন্দ মিছিলও করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম মহিউদ্দিন সিফাত জানান, আজ মঙ্গলবার তারা আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেবেন। তবে এখনো ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়নি।

গত ২৬ মাচ স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রবেশাধিকার না রাখার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে অনুষ্ঠানটি বাতিল করে কর্তৃপক্ষ। এ ঘটনায় উপাচার্য ড. এস.এম ইমামুল হক ওইদিন বিকেলে আরেক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য সেখানে তাদের 'রাজাকারের বাচ্চা' বলে গালি দিয়েছেন। এরপর ২৭ মার্চ থেকে তারা উপাচার্যের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর বিভিন্ন দফা আলোচনা হলেও শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে অনড় থাকেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে। আশাকরি তারা এখন ক্লাসে ফিরে যাবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমান উপাচার্যের ছুটির বিষয়টি নিশ্চিত করেন বলেন, ড. ইমামুল হক দুই দফায় ছুটি চেয়েছিলেন। চ্যান্সেলর তা মঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, আশা করি শিক্ষার্থীরা এখন প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খুলে দিয়ে ক্লাসে ফিরে যাবে।

আরও পড়ুন

×