ব্লগার অনন্ত বিজয় হত্যা: সাক্ষ্য দিলেন বড় ভাই
ব্লগার অনন্ত বিজয় দাশ- ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৭ মে ২০১৯ | ১৫:২৮ | আপডেট: ০৭ মে ২০১৯ | ১৬:০৫
সিলেটে বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার চার বছর পর মামলার বাদি হিসেবে সাক্ষ্য দিলেন নিহতের বড় ভাই রত্নেশ্বর দাশ।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ মোমিনুন নেছার আদালতে তাকে দিয়ে চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আগামী ৯ জুন মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মাসুক আহমদ। তিনি সমকালকে বলেন, এই মামলায় বাদিসহ মোট ২৯ জন সাক্ষী আছেন।
২০১৫ সালের ১২ মে সকালে নগরীর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় বাসা থেকে কয়েক শ' গজ দুরে অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করা হয়। কর্মস্থলে যাওয়ার সময় তাকে হত্যার পর নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আনসার বাংলা-৮' সেই সময় হত্যাকান্ডের দায় স্বীকার করে টুইট করেছিল। এরপর অজ্ঞাত চারজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা করেন রত্নেশ্বর দাশ। প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তিতে সিআইডি'র অর্গানাইজড ক্রাইম বিভাগকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
২০১৬ সালের ২৮ আগষ্ট সিআইডি'র পরিদর্শক আরমান আলী প্রথমে পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এরপর আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী ২০১৭ সালের ৯ মে মামলার তদন্ত কর্মকর্তা ছয়জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেন।
একই বছরের ২৩ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়েছিল। সেদিন অভিযোগ গঠনের প্রায় দু'বছর পর গতকাল সাক্ষ্য গ্রহণ হলো।
- বিষয় :
- ব্লগার অনন্ত বিজয় দাশ
- সিলেট