কিশোরগঞ্জে আ`লীগের দু`পক্ষে বিরোধ, শোকসভা পণ্ড
×
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পুলিশের পাহারা -সমকাল
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯ | ১৮:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
অভ্যন্তরীণ বিরোধের জের ধরে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের নির্ধারিত সভা পণ্ড হয়ে গেছে। দলীয় সূত্র জানায়, ১৫ আগস্ট সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য ফুল দিতে আসেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। তিনি গত উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হন। এ কারণে দলের মনোনীত ও পরাজিত প্রার্থী সাকাউদ্দিন আহাম্মদ রাজন ও তার সমর্থকরা মামুন খানকে ফুল দেওয়ায় বাধা দেন। রাজন হুমকি দেন, বিকেলের সভায় যেন মামুন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদীকে নিয়ে না আসেন। এদিকে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বিজয় শংকর রায়ের সভাপতিত্বে সভা শুরু হলে দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল বক্তব্য দেন। তার বক্তব্যের পর শরীফ সাদীর নাম ঘোষণা করা হলে রাজন ২০-২৫ জন সমর্থক নিয়ে কার্যালয়ে ঢুকে শরীফ সাদীকে বক্তব্য দিতে দেওয়া হবে না বলে হৈচৈ শুরু করেন। এ সময় মামুন তার ৩০-৪০ জন সমর্থক নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উভয়পক্ষের তুমুল বাকবিতণ্ডার মধ্যে অর্ধশতাধিক পুলিশ এসে তাদের কার্যালয় থেকে সরিয়ে দিলে সভা পণ্ড হয়ে যায়। এ ঘটনায় মামুন গ্রুপের আসিফ নামের এক কর্মী চাপাতির আঘাতে আহত হন।এ ব্যাপারে শরীফ আহমেদ সাদী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। জাতীয় শোক দিবসে যারা বিশৃঙ্খলা তৈরি করেন তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, পরিস্থিতি শান্ত। দলীয় কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।