ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে যুবলীগ কর্মীর কব্জি কেটে নেওয়ার অভিযোগ

শিবগঞ্জে যুবলীগ কর্মীর কব্জি কেটে নেওয়ার অভিযোগ
×

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯ | ০৬:৫২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ | ০৭:২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবলীগের এক কর্মীর কব্জি কেটে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে উজিরপুরের জলবাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে।

আহত যুবকের সহযোগীরা উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাহিনীকে এ ঘটনার জন্য দায়ী করলেও চেয়ারম্যান এ ঘটনা অস্বীকার করেছেন। 

আহত যুবক নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা গ্রামের খোদা বক্সের ছেলে রুবেল হোসেন।

নয়ালাভাঙ্গা এলাকার আওয়ামী লীগ নেতা আ. সালাম জানান, বুধবার বিকেলে রুবেল ও তার দুই বন্ধু রবিউল এবং হাবু উজিরপুরের জলবাজার এলাকায় গেলে রাত ৮টার দিকে তাদের আটক করে উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ও তার দল। পরে তাদের একটি ঘরে আটকে রেখে রাত ২টার দিকে রুবেলের দুই কব্জি কেটে তিনজনকে ছেড়ে দেয়। এ সময় রুবেলের বন্ধুরা খবর দিলে তারা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। 

বর্তমানে রুবেল আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। 

রুবেলের দাবি, উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিনের সঙ্গে নদীর ঘাট নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিলো তার। চেয়ারম্যানের লোকজনই তাকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে হাত কেটে দিয়েছে। 

অন্যদিকে উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন এ ঘটনা অস্বীকার করে বলেন, তিনি কিছুক্ষণ আগে একজনকে কোপানোর কথা শুনেছেন। আর ঘটনাস্থল তার ইউনিয়নের বাইরে ৬ নম্বর বেড়িবাঁধ এলাকায়। 

তিনি দাবি করেন, প্রতিপক্ষরা তাকে ফাঁসানোর জন্য তার উপর দায় চাপাচ্ছে।

আরও পড়ুন

×