সেই নবজাতকের ঠাঁই হলো ছোটমণি নিবাসে
ছোটমণি নিবাসে ঠাঁই হলো হাসপাতালের সিঁড়িতে ফেলে যাওয়া শিশুটির- সমকাল
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯ | ১৪:২৭
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিঁড়িতে ফেলে যাওয়া নবজাতকের নতুন ঠিকানা এখন ঢাকার আজিমপুরের 'ছোটমণি নিবাস'। মঙ্গলবার বিকেলে আদালত থেকে শিশুটিকে নতুন এ ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশনা বাস্তবায়নে বুধবার সকালে হাসপাতাল থেকে শিশুটিকে জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে নেওয়া হয়। পরে তাকে ছোটমণি নিবাসে নিয়ে যাওয়া হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান এ তথ্য জানান।
গত ২৫ আগস্ট হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষের সামনের সিঁড়িতে কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫ দিন বয়সী নবজাতকটির দেখা মেলে। আনোয়ারা নামের এক নারী তাকে কোলে তুলে নেন। শিশুটি অসুস্থ থাকায় তাকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।
এর পর থেকে গত ১১ দিন হাসপাতালের চিকিৎসক, নার্স ও আয়াদের সার্বক্ষণিক তত্ত্বাবধান আর পরম মমতায় বেড়ে ওঠে শিশুটি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুলতানা রাজিয়া সার্বক্ষণিক খোঁজখবর রাখেন শিশুটির। মায়ের কোল হারানো শিশুটি স্নেহ পায় সবার। নাম রাখা হয় স্নিগ্ধ। মায়ের দুধের তৃষ্ণাও মেটান হাসপাতালে সেবা নিতে আসা প্রসূতি মায়েরা। অবশেষে এই অতিথি পেল নতুন ঠিকানা।
- বিষয় :
- ছোটমণি নিবাস
- সমাজসেবা কার্যালয়