আজমেরী ওসমানকে গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান
আজমেরী ওসমান -সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৯ | ০৬:১৮
চাঁদার দাবিতে বাচ্চু নামে এক ব্যক্তিকে মারধর ও তার বাড়িতে হামলার অভিযোগে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের একমাত্র ছেলে আজমেরী ওসমানকে গ্রেফতারে তার নগরের কলেজ রোডের ফ্ল্যাটে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় আজমেরী ওসমানকে না পাওয়া গেলেও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীররাতে চালানো ওই অভিযানে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা মডেল থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে অংশগ্রহণ করে।
অভিযানে গ্রেফতাররা হলেন- শাহাদাৎ হোসেন রুপু ও মোখলেসুর রহমান। শাহাদাৎ হোসেন রুপু জেলা ছাত্র সমাজের সভাপতি।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) সাজ্জাদ রুমন বলেন, নগরের আমলাপাড়া এলাকার বাচ্চু নামে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজমেরী ওসমানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় আজমেরী ওসমান পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে আজমেরী ওসমানের অনুসারিরা ২০ লাখ টাকা চাঁদার দাবিতে নগরের আমলাপাড়া এলাকায় গিয়ে বাচ্চু নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে মারধর করে আহত করে। সদর থানায় বাচ্চু এ বিষয়ে অভিযোগ করলে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায় পুলিশ। এরপর বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ নগরের কলেজ রোডের দেওয়ার মঞ্জিলের ফ্ল্যাটে অভিযান চালায়। ডিবি পুলিশ ৮টি হাইএস মাইক্রোবাস নিয়ে অভিযানে অংশ নেয়। এছাড়া সদর ও ফতুল্লা মডেল থানা পুলিশও তাদের সঙ্গে যোগ দেয়। অভিযানের সময় কলেজ রোডের দুই মাথা বন্ধ করে দেয় পুলিশ। এরপর অভিযান শুরু হয়। অভিযানের শুরুতেই দেওয়ান মঞ্জিলের অফিস থেকে রুপু ও মোখলেসকে গ্রেফতার করা হয়। এরপর দেওয়ান মঞ্জিলের ৫ম তলায় আজমেরী ওসমানের ফ্ল্যাটে যায় পুলিশ। ওই সময় ফ্ল্যাটে থাকা আজমেরী ওসমানের স্ত্রীর সঙ্গে কথা বলে চলে আসে পুলিশ। তবে ফ্ল্যাটে আজমেরী ওসমান ছিলেন না। ওই সময় পুলিশ ৫ম তলায় আজমেরী ওসমানের পাশের ফ্ল্যাটও তল্লাশি করে।