ঈশ্বরগঞ্জে শাশুড়ি ও পূত্রবধূকে অ্যাসিড ছোড়া নিয়ে ধূম্রজাল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২০ | ০৯:৩০
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বউ-শাশুড়িকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। দগ্ধ অবস্থায় দু'জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বেহেত্তরী গ্রামে রোববার রাতের এ ঘটনায় সৃষ্টি হয়েছে ধূম্রজাল।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানা হেফাজতে নিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেহেত্তরী গ্রামের প্রয়াত আমীর উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী প্রয়াত নুরুল আমীনের পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে দুই পরিবারের মধ্যে একাধিক মামলা চলমান। রোববার রাত পৌনে ৯টার দিকে প্রয়াত আমীর উদ্দিনের স্ত্রী সেলিনা বেগম (৫৫) ও তার পুত্রবধূ লিজা বেগম (১৮) রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলেন। হঠাৎ এক ব্যক্তি ছুটে গিয়ে তাদের লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। যন্ত্রণায় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে দু'জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রতিপক্ষ নুরুল আমীনের ছেলে খোকন মিয়া (৪০) অ্যাসিড নিক্ষেপ করেছে- এমন অভিযোগে রাতেই ওই বাড়িতে হামলা চালায় আমীর উদ্দিনের বাড়ির লোকজন। বাড়িতে হামলার বিষয়টি ৯৯৯ নম্বরে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য খোকন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। তবে খোকনের দাবি, সন্ধ্যায় বাড়ির কাছে ফুটবল খেলা দেখতে যান তিনি। বাড়িতে হামলার খবর পেয়ে তিনি নিজেই ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশ ডাকেন। নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলামও বলেন, খোকনের বিরুদ্ধে যখন অ্যাসিড নিক্ষেপের অভিযোগ ওঠে, তখন সে আমার সামনে বসেই খেলা দেখছিল।
লুৎফুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, জমি নিয়ে মামলা করায় রোববার দুপুরে খোকনের ওপর ক্ষুব্ধ হয় প্রতিপক্ষরা। ওই সময় সাবাইকে শান্ত করে দেওয়া হয়। কিন্তু রাতের বেলায় দুই নারীকে অ্যাসিড মেরেছে বলে চিৎকার শুরু হয়। প্রথমে খোকনের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও পরে বলা হয়, তার স্ত্রী সালমা আক্তার অ্যাসিড মেরেছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, ঘটনাটি নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় খোকনের সঙ্গে অভিযোগকারী সেলিনা বেগমের তিন ছেলে শহীদুল, এমদাদুল, ফারুখ মিয়া ও তার বোনের ছেলে মো. কাইয়ুমকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
- বিষয় :
- শাশুড়ি-পূত্রবধূ
- অ্যাসিড নিক্ষেপ
- ঈশ্বরগঞ্জ