অপরিচিত নম্বর থেকে কল আসা নিয়ে ঝগড়ায় স্ত্রীকে খুন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২০ | ০৭:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সাভারের আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকায় মাছুরা খাতুন নামের এক গৃহবধূ হত্যায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী মোস্তফা মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব-১। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তফা জানিয়েছেন, স্ত্রীর মোবাইল ফোনে অপরিচত নম্বর থেকে কল আসা নিয়ে ঝগড়ার জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।
র্যাব-১ সূত্র জানায়, গত ১৫ মে সকালে ডেন্ডাবর এলাকার মোখলেছুর রহমানের বাড়ি থেকে মাছুরার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। ঘটনার পর থেকে মোস্তফা পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১ সূত্র আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোস্তফাকে ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, দেড় বছর আগে মাছুরা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। তখন থেকে মাছুরার পরকীয়া সম্পর্ক ছিল বলে দাবি করেন মোস্তফা। এটা নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়ে আসছিল। সর্বশেষ ১৩ মে দুপুরে রান্না করছিলেন মাছুরা। এ সময় তার মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। সন্দেহ হওয়ায় তিনি মাছুরার কাছে কে ফোন করেছে জানতে চান। এতে রাগান্বিত হয়ে মাছুরা তার ফোন থেকে নম্বরটি মুছে ফেলেন। এটা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেদিন বিকেল ও সন্ধ্যায় আরও দুই দফা ঝগড়ার পর মোস্তফা ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন।