কর্ণফুলীতে ডুবেছে লাইটার জাহাজ
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০৫:০৭
প্রতিকূল আবহাওয়ায় নোঙ্গর ছিঁড়ে চট্টগ্রাম বন্দরের সীমানায় কর্ণফুলী নদীতে ‘এমভি বর্ণিয়া প্রিন্স-টু’ নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন জাহাজটিতে ওই শিল্প প্রতিষ্ঠানের ২ হাজার ২৫০ মেট্রিকটন লোহার রড তৈরির কাঁচামাল স্ক্রাপ ছিল। লাইটারেজ জাহাজটি বর্হিনোঙ্গর থেকে পণ্য নিয়ে কর্ণফুলী নদীতে সদরঘাট এলাকার জেটিতে খালাসের জন্য আসছিল।
বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক থাকলেও দুর্ঘটনা কবলিত জাহাজটি পাশে থাকা কয়েকটি লাইটার জাহাজকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। দুর্ঘটনার পর পর নাবিক ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘নোঙ্গর ছিঁড়ে জাহাজটি বয়াতে আঘাতের সময় একই বয়াতে বাঁধা আরও কয়েকটি লাইটারেজ জাহাজকে ধাক্কা দিয়েছে। কোস্টগার্ডের জাহাজ এবং ছোট নৌকার মাধ্যমে দুর্ঘটনাকবলিত লাইটারেজ জাহাজ এবং বয়া থেকে বিচ্ছিন্ন জাহাজগুলোতে থাকা নাবিক ও শ্রমিকদের নিরাপদে জেটিতে ফেরত আনা হয়েছে। এখন বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।’
আবুল খায়ের গ্রুপের শিপিং এজেন্ট লিটমন্ড শিপিং লাইনসের অপারেশন ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, এমভি বর্ণিয়া প্রিন্স-টু নামের জাহাজটিতে ২ হাজার ২৫০ মেট্রিকটন স্টিল স্ক্রাপ ছিল। প্রচণ্ড বাতাস ও জোয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি এক নম্বর জেটি এলাকায় তলা ফেটে ডুবে গেছে।’
- বিষয় :
- লাইটার জাহাজ ডুবি
- চট্টগ্রাম