ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় তরুণীকে অপহরণের পর মুক্তিপণ নিতে এসে গ্রেফতার ৪

কুমিল্লায় তরুণীকে অপহরণের পর মুক্তিপণ নিতে এসে গ্রেফতার ৪
×

র‌্যাবের হাতে গ্রেফতাররা -সমকাল

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২০ আগস্ট ২০২০ | ০৮:০৪

কুমিল্লায় এক তরুণীকে অপহরণের পর মুক্তিপণ নিতে এসে অপহরণকারী চক্রের ৪ সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। বুধবার রাতে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- কুমিল্লার লালমাই উপজেলার ছনগাঁও গ্রামের আমান উল্লাহর ছেলে আবদুল মমিন (২০), সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মো. সিয়াম (১৯), একই উপজেলার উড়াশার গ্রামের আবু মিয়ার ছেলে সাইমন হাসান (১৯) এবং চৌদ্দগ্রাম উপজেলার জামিয়া গ্রামের আবদুর রহিমের ছেলে আরিফ হোসেন (১৯)।

কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ জানান, কুমিল্লা ইপিজেডের ‘কাদেনা গার্মেন্টসে’ কারজ করেন ওই তরুণী। বুধবার রাত আটটায় ডিউটি শেষে বাসায় যাচ্ছিলেন তিনি। তখন তার পূর্বের কর্মস্থন ‘হাংছিং কটন মিলের’ এর সহকর্মী আবদুল মমিন তার প্রতিষ্ঠানে বেশি বেতনের চাকরি দেবেন বলে জানান ওই তরুণীকে। মমিনের কথা বিশ্বাস করে মেয়েটি চাকরির জন্য গেলে মমিন তাকে ইপিজেডের ২নং গেইটের পার্শ্বে ইয়াছিন মার্কেটের ফুস্কা হাউজ নামে একটি দোকানে সাক্ষাতের কথা বলেন। সেখানে আরো কয়েকজন মিলে মেয়েটিকে আটকে রেখে তার মোবাইল ফোন কেড়ে নেন। এরপর অপহরণকারীরা মেয়েটির মোবাইল ফোন দিয়ে তার বাবার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে মেয়ের পরিবার র‌্যাবকে বিষয়টি জানায় এবং র‌্যাবের পরামর্শে অপহরণকারীদের মুক্তিপণ দেবে বলে জানায়। তখন অটোরিক্সাতে করে কুমিল্লা টমছম ব্রিজ এলাকায় মুক্তিপণ নিতে আসলে র‌্যাব হাতেনাতে অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। 

এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর সিনিয়র এএসপি মহিতুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন

×