ভাঙ্গায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিহত লাইজু আক্তার
ভাঙ্গা প্রতিনিধি (ফরিদপুর)
প্রকাশ: ২৭ আগস্ট ২০২০ | ০১:১২ | আপডেট: ২৭ আগস্ট ২০২০ | ০১:৩৯
ফরিদপুরের ভাঙ্গায় লাইজু আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার মীরাকান্দা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাইজু নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মীরাকান্দা গ্রামের লুতফর মীরের মেয়ে ও সদরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি লাইজুর মানসিক সমস্যা দেয়। এ কারণে পরিবার তাকে গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুর জানায় লাইজুর জীনের সমস্যা হয়েছে। তাকে পানি পড়া ও গলায় তাবিজ পরিয়ে দেন ওই হুজুর। কয়েকদিন পরে লাইজুর মানসিক সমস্যা আরও বেড়ে গেলে তাকে কিছুদিন ঘর বন্দী করেও রাখেন পরিবার। বুধবার রাত সাড়ে ৯টার দিকে খাবার না খেয়ে খালার সঙ্গে লাইজু ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে খালা তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে লাইজুকে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ফরিদপুর
- ভাঙ্গা
- ঝুলন্ত মরদেহ
- জীনের সমস্যা
- পানি পড়া