ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীর জেল
প্রতীকী ছবি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২০ | ০৯:০৮ | আপডেট: ০১ অক্টোবর ২০২০ | ১০:০২
জয়পুরহাটের কালাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদী মোরশেদুল সরকারকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রস্তম আলী এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামি মেহেদী হাসানকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মোরশেদ কালাই উপজেলার ভূগোইল গ্রামের খয়রাত জামানের ছেলে।
জানা গেছে, ২০১৯ সালের ৪ এপ্রিল মোরশেদুল সরকার তার বাকপ্রতিবন্ধী শিশুকন্যাকে ধর্ষণের মিথ্যা অভিযোগ এনে প্রতিপক্ষ একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে কালাই থানায় ওই মামলা করেন।
মামলায় অব্যাহতি পাওয়া আসামি মেহেদী হাসান আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, আমার সঙ্গে মোরশেদুলের জমি সংক্রান্ত মামলা ছিল। ওই মামলার রায় আমার পক্ষে আসবে বলে তিনি আমার বিরুদ্ধে এমন মিথ্যা মামলা দায়ের করেন। তবে আদালত সঠিক রায় দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেন।
- বিষয় :
- ধর্ষণ মামলা
- বাদীর জেল
- জয়পুরহাট