ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নামের মিল থাকায় ৭ দিন কারাভোগ বৃদ্ধের

নামের মিল থাকায় ৭ দিন কারাভোগ বৃদ্ধের
×

মোহাম্মদ হাবিবুর রহমান

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০ | ০৯:২৪

নিজের ও বাবার নামের মিল থাকার কারণে পুলিশের হাতে গ্রেপ্তার হন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮০ বছরের বৃদ্ধ মোহাম্মদ হাবিবুর রহমান। অপরাধ না করেও সাত দিন কারাভোগ করেছেন তিনি। 

অবশেষে গত রোববার বিকেলে পটুয়াখালীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আবুল বাসার মিয়ার আদেশে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন হাবিবুর। তার বাড়ি গলাচিপা পৌর শহরের বনানী এলাকায়।

এদিকে হাবিবুরকে গ্রেপ্তার করা সেই পুলিশ কর্মকর্তা গলাচিপা থানার এএসআই আল-আমিনকে প্রত্যাহার করে পটুয়াখালী পুলিশ লাইন্সে আনা হয়েছে। পাশাপাশি কেন এমন ঘটেছে- তা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শেখ বিল্লাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। অন্যদিকে এক বছরের সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি মো. হাবিবুর রহমানকে গত শনিবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গলাচিপা শহরের সদর রোডের ব্যবসায়ী মো. হাবিবুর রহমানকে ব্যাংক ঋণ সংক্রান্ত একটি মামলায় ২০১৮ সালের ২৫ মার্চ এক বছরের কারাদণ্ড ও ঋণের দ্বিগুণ দুই লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন পটুয়াখালীর তৎকালীন যুগ্ম দায়রা জজ আদালত। এ সময় আসামি অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা অনুযায়ী গলাচিপা থানার এএসআই আল-আমিন শুধু নামের মিল থাকায় বৃদ্ধ মোহাম্মদ হাবিবুর রহমানকে গত ৪ অক্টোবর দুপুরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। 

এ খবর পেয়ে বৃদ্ধ হাবিবুরের ছোট ছেলে আবু সালেহ ঢাকা থেকে এসে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে তার বাবাকে মুক্ত করার আইনি প্রক্রিয়া শুরু করেন।

আরও পড়ুন

×