গৌরীপুরে ৫ গাঁজা ব্যবসায়ী ও সেবনকারীর কারাদণ্ড
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২০ | ০৮:৩২
ময়মনসিংহের গৌরীপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত পাঁচ জনের মধ্যে দুইজন গাঁজা ব্যবসায়ী ও তিনজন সেবনকারী।
ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বুধবার উপজেলার মাওহা ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচ জনকে আটক করে। পরে আটকৃতদের উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ওই দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তদের মধ্যে গাঁজা ব্যবসায়ী রুকন আলীকে (৩০) এক বছর, শওকত আলীকে (৫৫) ছয় মাস এবং গাঁজা সেবনকারী রণজিৎ সূত্র ধরকে (৪৫) তিন মাস, মো. সুমনকে (৩২) তিনমাস ও মজিবুর রহমানকে (৪০) তিন মাদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।