'ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্ত'
বুধবার সকালে লালমোহনে এক সেমিনারে অংশ নেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। ছবি: সমকাল
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২০ | ১৩:৩০
ধর্ষণ প্রতিরোধে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার সকালে লালমোহন থানা কমপাউন্ডে লালমোহন প্রেস ক্লাব ও ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত 'ধর্ষণ প্রতিরোধে তরুণদের ভূমিকা ও আইনি প্রতিকার' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
এমপি শাওন আরও বলেন, 'ধর্ষণ একটা পাশবিকতা। এর ফলে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেজন্য আওয়ামী লীগ সরকার আইনটি সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন পাস করেছে।'
এ সময় তিনি বলেন, 'অ্যাসিড নিক্ষেপকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কারণ, সেক্ষেত্রে আমরা আইন সংশোধন করেছিলাম। যে কোনো একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবিলা করা এবং দূর করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সমাজে এ জাতীয় ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে।' সেই সঙ্গে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান এমপি শাওন।
এ সময় লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেুলর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, প্রেস ক্লাব সভাপতি আব্দুস সাত্তারসহ অভিভাবকরা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।