হাতুড়ি দিয়ে পিটিয়ে ২ পা ভাঙা হলো যুবকের
আহত সাহাবুদ্দিন ফকির -সমকাল
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২০ | ০৩:১৪
মাদারীপুরের কালকিনিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে সাহাবুদ্দিন ফকির (৪০) নামে এক যুবকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ওই যুবককে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ফরিকবাড়ির সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঁশগাড়ি এলাকার মধ্যেরচর গ্রামের সামসুল হক ফকিরের ছেলে সাহাবুদ্দিন ফকির আশ্রায়ন প্রকল্পের জন্য কিছু লোকের কাছ থেকে তাদের জমির কাগজপত্র নিয়ে ইউনিয়ন পরিষদে জমা দেন। এ নিয়ে একই এলাকার আবু কবিরাজের সঙ্গে বিরোধ চলে আসছে। শনিবার রাত ৮টার দিকে সাহাবুদ্দিন ফকির খাঁসেরহাট বাজার থেকে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে কয়েকজন মিলে ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দু’পা ভেঙে দেয়।
আহত সাহাবুদ্দিন ফকির বলেন, ‘আমি লাল মিয়া ফকিরের বাড়ির সামনে গেলে একই এলাকার ফারুক মোল্লা ও লোকমান চৌধুরীর নির্দেশে আমার গতিরোধ করে স্থানীয় আবু কবিরাজ, হেলাল, জনি ও সুকুরসহ ৫ থেকে ৭ জন যুবক। এসময় তারা সবাই মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।’
তবে অভিযোগের ব্যাপারে ফারুক মোল্লা ও লোকমান চৌধুরী কিছুই জানেন না বলে দাবি করেছেন।
এব্যাপারে খাঁসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল-আমিন জানান, ‘হামলার ঘটনা জানাতে পেরে আহত সাহাবুদ্দিন ফকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। ভুক্তভোগি আইনগত ব্যবস্থা চাইলে আমরা মামলা গ্রহণ করবো।
- বিষয় :
- হাতুড়িপেটা
- ঢাকা
- মাদারিপুর
- কালকিনি