ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পদ্মার নাব্যতা রক্ষায় রাজশাহীর ডিসি কার্যালয় ঘেরাও

পদ্মার নাব্যতা রক্ষায় রাজশাহীর ডিসি কার্যালয় ঘেরাও
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০ | ০৯:০২

পদ্মা নদীর নাব্যতা রক্ষা করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের দাবিতে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। রোববার সকালে ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

নেতাকর্মীরা ডিসির কার্যালয়ের সামনে পদ্মা রক্ষার দাবিতে সমাবেশ করেন। পরে তারা ডিসি আব্দুুল জলিল বরাবর ১৮দফা দাবিতে স্মারকলিপি দেন। স্মারকলিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক গ্রহণ করেছেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য, আবহাওয়া-প্রকৃতি, অর্থনীতিসহ সমস্ত কিছুতেই পদ্মা জড়িয়ে আছে। অবৈধ দখল, বালু উত্তোলনের ফলে পদ্মার গতিপথ বদল হচ্ছে। হুমকির মুখে পড়ছে শহর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় পদ্মার নাব্যতাও হারিয়েছে। প্রতিবেশী দেশ ভারতের একতরফা সিদ্ধান্তের কারণে পদ্মার পানি প্রবাহ কমেছে। শুকিয়ে যাচ্ছে পদ্মার শাখা নদী এবং খাল-বিলগুলো। উত্তরাঞ্চলে মরুকরণ হচ্ছে। এ অবস্থায় পদ্মার নাব্যতা রক্ষা জরুরি।

স্মারকলিপিতে উল্লেখ করা তাদের দাবিগুলো হলো- অবৈধ দখলদারদের হাত থেকে পদ্মা ও এর শাখা নদীগুলোকে উদ্ধার; নদী থেকে বালু উত্তোলনের নীতিমালা প্রণয়ন; রাজশাহী শহর রক্ষা বাঁধের ১৯টি স্লুইস গেট সব সময় খোলা রাখা; হারিয়ে যাওয়া পদ্মার শাখা নদীগুলোকে পুনরুদ্ধার; ১৮৯৭ সালে খনন করা ‘নারদ’ খাল ও ‘বৈরাগী’ খাল পুনসংস্কার করে পদ্মার সঙ্গে সংযোগ স্থাপন; হারিয়ে যাওয়া চিনারকুপ নদী পুনঃখনন এবং শহরের বর্জ্য পানি পরিশোধনের পরই ‘বারনই’ নদীতে ফেলতে হবে; পদ্মার দূষণ রোধ; বড়াল নদীর মুখে স্লইস গেট অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ; নদীর প্রতি বেসরকারি প্রতিষ্ঠানের বৈরী আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়া; গঙ্গার মূল প্রবাহ পদ্মায়ও নিশ্চিত করা; পদ্মার পানির প্রবাহ জনসম্মুখে প্রকাশ করা এবং উত্তর রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়নসহ ভূ-গর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করা।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুলের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, নগর সম্পাদকমণ্ডলির সদস্য মনির উদ্দিন পান্নার পরিচালনায় এতে আরও বক্তব্য দেন- নগর সম্পাদকমণ্ডলির সদস্য আবদুল মতিন, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, গোদাগাড়ী উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×