রাজশাহীর তাপমাত্রা উঠল ৩৯ ডিগ্রি সেলসিয়াসে
ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ১৩:৪৭ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ | ০৫:২১
বৃষ্টি না হওয়ায় চৈত্রের খরতাপে পুড়ছে রাজশাহী অঞ্চল। বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। গরমে অতিষ্ঠ মানুষ ও প্রাণীকুল। খেটে খাওয়া মানুষগুলোকে তীব্র রোদে কাজ করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে। এই গরমে রোজাদারদের চরম কষ্ট হচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, সোমবার (১ এপ্রিল) থেকে টানা চারদিন ধরে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি তাপমাত্রা থাকছে। আজ বৃহস্পতিবার দুপুর একটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি। বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ সময় বাতাসের আদ্রতা মাত্র ২৭ থেকে ২৮ শতাংশ। এ কারণে বাতাসে জলীয় বাষ্প কমে যাওয়ায় তাপদাহ বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস আরও জানায়, ৩১ মার্চ এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। এরপর আকাশ মেঘমুক্ত হওয়ায় সূর্যর তাপ দ্রুত ভূ-পৃষ্ঠে চলে আসছে। এতে দ্রুত উত্তাপ ছড়িয়ে পড়ছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। তবে রাজশাহীতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নাই। আগামী ৫ দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। সেজন্য রাজশাহীতেও বৃষ্টি হতে পারে।
রাজশাহীর রিকশাচালক কলিম উদ্দিন বলেন, ‘চরম গরম। রোদের খুব তাপ। রোজা থেকে রিকশা চালাতে পারছি না। তারপরও চালাতে হচ্ছে। না চালিয়ে কি করবো? পেট তো সরকার চালাবে না।’
রিকশাচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘অতিরিক্ত বেশি গরম। কাজ না করে খাব কি? একদিন কাজ না করলে আমাদের খাবার জোটে না। তাই কাজ করছি।’
শরিফুল ইসলাম নামের এক দিনমজুর বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত টানা রোদ। এরমধ্যেই আমাদের রোজা থেকে কাজ করতে হয়। আমাদের মত গরিব মানুষদের প্রতি সবাই একটু নজর দেন। নইলে আমরা চলব কিভাবে? জিনিসপত্রের যে দাম, আমাদের কাজের মজুরি একটু বাড়িয়ে দিলে উপকৃত হই।’