ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পাথরঘাটায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, দুই ছাত্রলীগ কর্মীর বাড়িতে আগুন

পাথরঘাটায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, দুই ছাত্রলীগ কর্মীর বাড়িতে আগুন
×

নিহত মো. নাসির হাওলাদার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫ | ২১:১০

বরগুনার পাথরঘাটায় মো. নাসির হাওলাদার নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম ঘুটাবাছা নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। 

এদিকে নাসিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন রাব্বি ও হাসান নামে দুই যুবকের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এ দু’জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। নাসিরের বাড়ি পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। 

প্রত্যক্ষদর্শী আনসার মোল্লা জানান, নাসির মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাওয়ার সময় নুরিয়া স্কুলের সামনে পৌঁছালে পাঁচ থেকে সাত যুবক তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। তারা নাসিরকে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী নাসিরকে চেপে ধরে এবং হাসান ও রাব্বি তাঁর ডান পায়ের রগ কেটে দেয়। এ সময় নাসির মাটিতে লুটিয়ে পড়লে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনা দেখে গ্রামের লোকজন চিৎকার করলে হত্যাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। দুই গ্রামবাসী নাসিরকে পাথরঘাটা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, বুধবার ছিল ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে পাথরঘাটা উপজেলা বিএনপি অফিসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সেই কর্মসূচিতে যোগ দেন নাসির। বিএনপি অফিসে অনুষ্ঠান শেষে নাসির তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। তিনি আরও বলেন, এর আগে সকালে রাব্বি ও হাসানের সঙ্গে কোনো বিষয় নিয়ে নাসিরের বাগ্বিতণ্ডা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। 

পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, আসামিদের শনাক্ত করতে পেরেছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। পাথরঘাটা হাসপাতালের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, নাসিরের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো আস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পায়ের রগ কাটা। 
 

আরও পড়ুন

×