ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আদালতে দায় স্বীকার

অনৈতিক কাজে রাজি না হওয়ায় গ্রাম পুলিশকে হত্যা

অনৈতিক কাজে রাজি না হওয়ায় গ্রাম পুলিশকে হত্যা
×

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ১৮:১৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ | ১৮:২৩

সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আন্না রানী হত্যা মামলার প্রধান আসামি তাপস কুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ সোমবার তাপস দাস হত্যার দায় স্বীকার করে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি বলেছেন, অনৈতিক কাজে রাজি না হওয়া আন্নাকে শ্বাসরোধে হত্যা করেছেন। 

শনিবার ভোরে আন্না রানীর লাশ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুর পাড় থেকে উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় তার মেয়ে ধ্রুপদী দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সলঙ্গা থানায় হত্যা মামলা করেন। আন্না রানী ভরমোহনী দাসপাড়া গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। আসামি তাপস ভরমোহনী দাসপাড়া গ্রামের সূর্য কুমার দাসের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ময়নুল ইসলাম জানান, আন্না রানী শনিবার ভোরে হাঁটতে বের হন। পার্শ্ববর্তী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে গেলে একই গ্রামের তাপস কুমার দাস তাঁকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আন্নাকে জড়িয়ে ধরেন। আন্না চিৎকার করলে তাপস তাঁর গলা চেপে শ্বাস রোধে হত্যা করে পালিয়ে যান। পুলিশ বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাপসকে শনাক্ত করেন। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, তাপস দাস সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভীন আক্তারের কাছে আন্না রানীকে হত্যার ঘটনা বর্ণনা করেছেন। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে পরোক্ষভাবে আরও কেউ জড়িত আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।

আরও পড়ুন

×