ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাড়িতে ঢুকে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা

যশোরে ১৪ মামলার আসামি জিতুকে কুপিয়ে হত্যা

বাড়িতে ঢুকে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৮:৪৯ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ | ১১:২৪

| প্রিন্ট সংস্করণ

বগুড়ায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে আতিকুর রহমান সাগর (২৭) নামের সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা খাতুন নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত বুধবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ছাড়া যশোর জেলার মনিরামপুর এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। 

বগুড়ায় নিহত সাগর শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মণ্ডলের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন এবং সর্বশেষ যুবদলের কর্মী ছিলেন। 

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সাগরের চাচাতো ভাই জুলহাস হোসেনের সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে তাঁর বিরোধ চলছিল। সাগর তাঁর স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বসবাস করতেন। বুধবার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার খাওয়ার সময় সাগর বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ মারজিয়া খাতুন বাইরে হইচই শুনে ঘর থেকে বের হয়ে দেখতে পান, জুলহাসের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল টিনের গেট ভেঙে ভেতরে ঢুকে সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। দৌড়ে পালানোর চেষ্টা করলে সাগর রাস্তায় পড়ে যান। পরিবারের লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

যশোরে ১৪ মামলার আসামি জিতুকে কুপিয়ে হত্যা 
যশোরের বারান্দীপাড়া ফুলতলা মোড়ে শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১১টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল বৃহস্পতিবার ভোরে নড়াইলে পৌঁছালে তাঁর মৃত্যু হয়। 

কারচালকের ঘুসিতে অটোরিকশাচালক নিহত 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক প্রাইভেটকার চালকের মারধরে অটোরিকশাচালক রফিকুল ইসলাম হাওলাদার ওরফে মাকসুদ (৪৫) নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুল এলাকায় এ ঘটনা ঘটে। রাইয়ান সিএনজি পাম্পের সামনে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেওয়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে কারচালক নাদিম হোসেন (৫০) অটোরিকশাচালক রফিকুলকে বেধড়ক কিল-ঘুসি মারেন। রফিকুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মনিরামপুরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার 
যশোরের মনিরামপুরে নিখোঁজের দুই দিন পর পারখাজুরা বাঁওড় থেকে মহসিন আলী মোল্যা (২৪) নামে এক ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মহসিন উপজেলার চালুয়াহাটি গ্রামের জাহিদ মোল্যার ছেলে। পুলিশের ধারণা, ভাড়ায় যাওয়ার কথা বলে ডেকে নিয়ে ছিনতাইকারীরা মহসিনকে হত্যা করে মরদেহ বাঁওড়ে ফেলে রেখে ভ্যান ও মোবাইল নিয়ে গেছে। 
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও প্রতিনিধি)

আরও পড়ুন

×