নারায়ণগঞ্জের অধিকাংশ গার্মেন্টস বৃহস্পতিবার বন্ধ থাকবে
ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ২০:৩৬
গ্যাস সংকট, উৎপাদন ব্যাহত হওয়া এবং একদিন ছুটি সমন্বয় করে টানা তিন দিনের ছটির কারণে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের অধিকাংশ তৈরি পোশাক কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শহরের পুলিশ লাইন এলাকায় অবস্থিত রহমান গার্মেন্টসের সিনিয়র ডিজিএম শিহাব উদ্দিন জানান, বুধবার সরকারি ছুটি এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মাঝের বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়েছে। এ জন্য গত শুক্রবার অতিরিক্ত কাজ করিয়ে ছুটি সমন্বয় করা হয়েছে, যাতে শ্রমিকরা টানা তিন দিনের ছুটি উপভোগ করে গ্রামের বাড়িতে যেতে পারেন।
পঞ্চবটির বিসিক হোসিয়ারি পল্লী মালিক সমিতির পরিচালক শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিসিকের অধিকাংশ গার্মেন্টস কারখানা বন্ধ থাকলেও ৪৬৫টি নিটিং কারখানা চালু থাকবে। গার্মেন্টস বন্ধ থাকায় বিদ্যুতের ওপর চাপ কমবে এবং লোডশেডিং কম হওয়ার সুযোগে নিটিং কারখানাগুলোতে গার্মেন্টসের জন্য প্রয়োজনীয় থান কাপড় উৎপাদন করা হবে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, বৃহস্পতিবার নারায়ণগঞ্জের অধিকাংশ গার্মেন্টস কারখানার সব বিভাগ বন্ধ থাকবে। বিসিক শিল্পনগরীতে মোট ২৫৬টি গার্মেন্টস কারখানার মধ্যে গত দুই বছরে ১২২টি বন্ধ হয়ে গেছে। বর্তমানে চালু থাকা ১৩৪টি কারখানার বেশিরভাগই বৃহস্পতিবার বন্ধ থাকবে। বিসিকের বাইরের রপ্তানিমুখী ও সাব-কন্ট্রাক্টভিত্তিক অধিকাংশ কারখানাও একইভাবে বন্ধ থাকবে।
তিনি বলেন, গ্যাস সংকটের কারণে ডাইং কারখানাগুলোর উৎপাদন কমে গেছে। কাপড় রং ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে, তার ওপর টানা বৃষ্টির প্রভাব রয়েছে। পাশাপাশি রপ্তানি আদেশও কমেছে। এসব কারণে অনেক কারখানা বৃহস্পতিবার ছুটি দিয়েছে। কেউ আগের শুক্রবার কাজ করিয়ে, আবার কেউ পরবর্তী শুক্রবার অতিরিক্ত কাজের মাধ্যমে এ ছুটি সমন্বয় করবে।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় রপ্তানিমুখী গার্মেন্টস, সাব-কন্ট্রাক্ট গার্মেন্টস, ডাইং, নিটিং, প্রিন্টিং, প্রসেসিং ও প্যাকেজিংসহ পোশাকশিল্প-সংশ্লিষ্ট প্রায় ২ হাজার ২০০টি কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ২০ লাখ শ্রমিক কর্মরত।
- বিষয় :
- গার্মেন্টস
- নারায়ণগঞ্জ