ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবী জড়িত কিনা বের করার দায়িত্ব পুলিশের

আইনজীবী জড়িত কিনা বের করার দায়িত্ব পুলিশের
×

 সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৯

| প্রিন্ট সংস্করণ

সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় আলোচিত আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন মামলার বাদী ও নিহত দম্পতির প্রবাসী মেয়ে সেলিনা সুলতানা শিখা।

গতকাল বুধবার নগরীর জল্লারপাড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তাদের ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন এবং তারা ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।
হত্যাকাণ্ডের পেছনে কারও হাত রয়েছে কিনা– এমন প্রশ্নের জবাবে সেলিনা সুলতানা শিখা বলেন, এজাহারে নির্দিষ্ট করে কারও প্রতি অভিযোগ করিনি। শুধু পুলিশের নজরে নিয়ে এসেছি যে, তাঁর বাবার জায়গাসংক্রান্ত বিরোধ রয়েছে একজন আইনজীবীর সঙ্গে। এখন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে তিনি জড়িত আছেন কিনা, সেটি বের করার দায়িত্ব পুলিশের। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও যদি সুষ্ঠু বিচার না পাই, তবে আমরা পরে বিষয়টি সিলেটসহ দেশবাসীকে জানাব।

সংবাদ সম্মেলনে সেলিনা সুলতানা শিখা ও তাঁর বোন তারানা সুলতানা শিমু জানান, তাদের একটাই দাবি– হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার। গত মঙ্গলবার সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেছেন তারা। তিনি সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশও দিয়েছেন। তারা এখন আশাবাদী যে, সঠিক বিচার পাবেন।
সংবাদ সম্মেলনে নিহত দম্পতির প্রবাসী মেয়েরা দুঃসময়ে পাশে থাকার জন্য গণমাধ্যম, এলাকাবাসীসহ সিলেটের সর্বস্তরের মানুষ এবং সিলেটের সব মন্ত্রী-এমপির প্রতি কৃতজ্ঞতা জানান।
চলতি বছরের ১২ আগস্ট সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ও ব্যবসায়ী আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম। হত্যাকাণ্ডের পরই পুলিশ রায়নগর এলাকার একটি কলোনির বাসিন্দা, রংমিস্ত্রি বাবুল মিয়াকে গ্রেপ্তার করে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাসা ভাড়ার টাকা চুরি করতে গিয়ে তিনজনকে খুন করার কথা জানান। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

×