বন্দরের ৪ শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত
ছবি: ফাইল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৩৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৩৫
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) জাহাজ বণ্টন সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করার অভিযোগে চারটি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তারা হলো- মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স শী কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড, মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল ও মেসার্স ইউনিয়ন ট্রেডার্স শিপ হ্যান্ডলিং অপারেটর।
বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স ও কাজের অনুমতি পাওয়া শিপ হ্যান্ডলিং অপারেটরদের মধ্যে জাহাজ বণ্টনের ক্ষেত্রে দেওয়া নির্দেশনা প্রতিষ্ঠানগুলি প্রতিপালন করেনি। এ ধরনের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা-২০১৫-এর অনুচ্ছেদ ‘গ’-এর ৭.৪ ধারার ব্যত্যয়। এ কারণে চবক বোর্ডের ২৭ জুলাই ২০২৬ তারিখের সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠানগুলোর শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্সের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এ সিদ্ধান্তের অনুলিপি ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশনস), চবক চেয়ারম্যানের পিএস, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম