ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

উপাচার্য পদে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল চায় চুয়েট শিক্ষক সমিতি

উপাচার্য পদে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল চায় চুয়েট শিক্ষক সমিতি
×

ফাইল ছবি

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০২

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে উপাচার্য নিয়োগ ও অব্যাহতি-সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার অনুষ্ঠিত চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি কর্তৃক চুয়েটের উপাচার্য নিয়োগ ও অব্যাহতি-সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানানো হয়।

চুয়েট শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ (২০২৬-২৭)-এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে সোমবার চুয়েটের নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়।

নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই চুয়েটের শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ শুরু হয়। অনলাইনে প্রতিবাদের পাশাপাশি সোমবার রাতে বিপুলসংখ্যক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে সম্পূর্ণ ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
 

আরও পড়ুন

×