ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর

ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৪৮

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৪ বছর বয়সী ছেলেকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বসতবাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ইতোমধ্যে ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে চর আলগী ইউনিয়নে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে ক্ষোভের সঞ্চার হয়। একপর্যায়ে রোবেল মাস্টার (৪৫) ও লিয়াকত আলী আকন্দের (৪০) নেতৃত্বে স্থানীয় ২০-৩০ জন লোক একজোট হয়ে অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালায় এবং ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়।

ভাঙচুরের পর স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী আকন্দ বলেন, ‘এমন ন্যক্কারজনক ও জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে, সমাজে তাদের বসবাস করার কোনো অধিকার নেই। এদের দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে ভালো মানুষ বসবাস করতে পারবে না।’ 

আসন্ন চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রোবেল মাস্টার বলেন, ‘ঘটনাটি সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এলাকার ক্ষুব্ধ ও সচেতন জনগণ এক হয়ে ধর্ষণকারীদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চরআলগী ব্রিজের সামনে সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।’ 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গফরগাঁও থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন- শরীফ (২৩), তার ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজীব (২৩) ও এনামুল (২২)। পুলিশ ইতোমধ্যে রাজিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গফরগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) মোরাদ খান বলেন, আসামিদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা কেউ থানায় জানায়নি। তবে বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।

আরও পড়ুন

×