ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নৌকাবাইচ মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বন্ধন ফিরিয়ে আনবে: এলজিআরডি মন্ত্রী

নৌকাবাইচ মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বন্ধন ফিরিয়ে আনবে: এলজিআরডি মন্ত্রী
×

ছবি: সমকাল

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:২৫

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনকে পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ মঙ্গলবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত ‘ঐতিহ্যবাহী নৌকাবাইচ ২০২৬’ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নৌকাবাইচ গ্রামবাংলার দীর্ঘদিনের ঐতিহ্য। ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গায় নৌকাবাইচ দেখে যে নির্মল আনন্দ উপভোগ করতাম, সময়ের পরিবর্তন ও সামাজিক জটিলতায় সেই আনন্দ অনেকটাই হারিয়ে গেছে।’ ঐতিহ্যবাহী এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে সেই আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি আবারও ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, ‘দেশের বাহ্যিক উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দিতে হবে। এ কারণে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা সম্ভব।’ 

ড. আবদুল মঈন খান আরও বলেন, ‘রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে দেশকে একটি সুন্দর, ঐতিহ্যময় ও স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নিতে হবে। লেখাপড়া, রাজনীতি ও দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের পুনর্জাগরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।’ 

নৌকাবাইচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিবপুর ও রায়পুরার নেতৃবৃন্দ ও কর্মীদের অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।’ 

যোশর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতার এ আলোচনা সভায় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহির সভাপতিত্বে আড়িয়াল খাঁ নদীতে নৌকাবাইচের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী নৌকাবাইচ পরিদর্শন করেন।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার প্রমুখ।

আরও পড়ুন

×