অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের
ছবি: সমকাল
কুমিল্লা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩২ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুবি শিক্ষার্থীরা এক মিনিট নীরবতা পালনের পর কালো ব্যাজ ধারণ করে এ কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, অপ্রতিমের মা ড. নাহিদা বেগম সহকারী প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে পুলিশে সোপর্দ করেছিলেন। সেই ক্ষোভ থেকে তাঁর একমাত্র সন্তান অপ্রতিমকে হত্যা করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানাচ্ছি।
কর্মসূচিতে শিক্ষার্থীদের অপর তিন দফা দাবি হচ্ছে—কুমিল্লা পুলিশ সুপার ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার দায় স্বীকার করে প্রত্যাহার করা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া ও নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তায় তাৎক্ষণিক সাড়া দেওয়ার ইউনিট গঠন করা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, ‘অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ব্যক্তিরা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা করছে কি না, তা খুঁজে বের করতে হবে।’
বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহা খানম বলেন, এত দিন আমরা বিভিন্নভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করেছি। আজকের কর্মসূচি মূলত শোক প্রকাশ ও প্রতিবাদের মৌন ভাষা হিসেবে আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আমাদের চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরা আবারও দাঁড়িয়েছি। দাবি বাস্তবায়নের জন্য আমরা লাগাতার কর্মসূচি পালন করে যাব।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, অপ্রতিম হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কোটবাড়ি ও লালমাই পাহাড়ি এলাকায় অপরাধ দমনে নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ আবুল বাশার বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের কারণ পরিষ্কার করা দরকার। শুধু একটি আইফোনের জন্য তাকে হত্যা করা হয়েছে—পুলিশের এ ব্যাখ্যা আমরা মেনে নিতে পারছি না।
এর আগে গতকাল সোমবার একই দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগের দিন তারা চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরদিন শনিবার দুপুরে লালমাই পাহাড়ের পাশে সানন্দা গ্রামের একটি জঙ্গল থেকে পুলিশ অপ্রতিমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত সরাসরি জড়িত সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), মো. কামরুল হাসান (১৬) এবং জড়িত সন্দেহে মো. সিয়ামকে (১৯) গ্রেপ্তার করেছে। এদের মধ্যে সিয়াম ছাড়া অপর তিনজন কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
- বিষয় :
- কুমিল্লা