ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ভারত-চীনের সহযোগিতা প্রয়োজন: জামায়াত আমির

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ভারত-চীনের সহযোগিতা প্রয়োজন: জামায়াত আমির
×

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০৭

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে দেওয়াই হবে এ সংকটের চূড়ান্ত সমাধান। বর্তমান পরিস্থিতিতে একা বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব নয়। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ভারত ও চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন। 

বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  

শফিকুর রহমান বলেন, রোহিঙ্গা ইস্যুতে শুধু বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। তিনি বলেন, আমিও একাধিকবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছি। তারা দীর্ঘদিন অশিক্ষা ও অবহেলার মধ্যে বেড়ে উঠছে। রোহিঙ্গারা বাংলাদেশ ছাড়াও পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। 

চীন ও ভারতের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পাশাপাশি এ দুই দেশেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় উদ্যোগী হলে রোহিঙ্গা সংকটের সমাধানের পথ তৈরি হতে পারে।

জামায়াত আমির শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ব্যবহারের বিষয়েও কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাজারের দানের টাকার ৩৫ শতাংশ জেলা প্রশাসনের হিসাবে এবং ৬৫ শতাংশ মাজার কর্তৃপক্ষের মধ্যে বণ্টনের যে ব্যবস্থা করা হয়েছে তা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। বিষয়টি ধর্মীয় হওয়ায় মাজারের আয় সমাজ ও ধর্মীয় কাজে ব্যবহার করা গেলে সেটি একটি ভালো দৃষ্টান্ত হতে পারে। তিনি কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের অর্থ ব্যবহারের উদাহরণও তুলে ধরেন। 

মতবিনিময়কালে মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×