ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে শিশুসন্তানদের সামনে নারীকে ধর্ষণের অভিযোগ

নেত্রকোনায় তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শ্রীপুরে শিশুসন্তানদের সামনে নারীকে ধর্ষণের অভিযোগ
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩৩

গাজীপুরের শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে ডেকে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী আগেও ধর্ষণের শিকার হয়েছেন বলে পুলিশ জানান। পরে তাঁর দেওয়া তথ্যে দুজনকে আটক করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, গত মঙ্গলবার রাতে দুই সন্তান নিয়ে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বসেন তিনি। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় সোহরাব হোসেন নামে স্থানীয় এক পান ব্যবসায়ীর। আশ্রয় ও আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ওই ব্যক্তি তাঁকে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে দুই সন্তানের সামনে তাঁকে ধর্ষণ করেন সোহরাব। বিচার চেয়ে তিনি সন্তানদের নিয়ে বেশ কয়েকজনের কাছে যান। কিন্তু কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি। এ কারণে সন্তানসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

জানা গেছে, ওই নারীর দুই সন্তান নিয়ে ভিক্ষাবৃত্তি করেন। কয়েক মাস আগে স্বামী তাঁকে ছেড়ে চলে গেছেন। এরপর সন্তানদের নিয়ে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কয়েক মাসের ভাড়া পরিশোধ করতে না পারায় গত মঙ্গলবার বাসার মালিক বের করে দেন।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর দেখিয়ে দেওয়া শহীদুল ইসলাম ও গৌতম সাহা নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ওই নারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এসপি জসীম উদ্দিন বলেন, ‘ওই নারী পুলিশকে বলেছেন, তিনি যৌনকর্মী; মামলা করতে চান না। তারপরও আমরা ধর্ষণের মামলা নিতে প্রস্তুত।’

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে আবু হানিফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, আত্মীয়তার পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগীর বাড়িতে হানিফের যাতায়াত ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৯ মাস আগে তারা সিলেটে ঘুরতে যান। সেখানে বিয়ের কথা বলে তরুণীকে ধর্ষণ করেন হানিফ। কিছু দিন পর তরুণী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। গত ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে গিয়ে বিয়ে করতে বলেন তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ তাঁকে মারধর করেন। এ ঘটনায় গত মঙ্গলবার থানায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ভুক্তভোগী। পরে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি এবং ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিকাশের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী শাহজাদপুর বিকাশ সার্ভিস পয়েন্টের তিন কর্মচারীর নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ করেন। এরপর রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করে করে পুলিশ। তারা হলেন– শাহজাদপুর বিকাশ সার্ভিস পয়েন্টের আইটি বিশেষজ্ঞ তারেক রাব্বি, বিকাশ সার্ভিস পয়েন্টের প্রহরী হোসেন আলী ও বিকাশকর্মী চয়ন ইসলাম।

শিক্ষককের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া ঐতিহ্যবাহী কেএম লতিফ ইনস্টিটিউটের শরীর চর্চার শিক্ষক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পৃথক লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ষষ্ঠ শ্রেণির সংশ্লিষ্ট শাখার গণিত ক্লাস থেকে গিয়াসকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

(সংশ্লিষ্ট প্রতিনিধির পাঠানো তথ্য)

আরও পড়ুন

×