শিশুর আঙুল কাটলেন কনস্টেবল
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৬
| প্রিন্ট সংস্করণ
দুই শিশুর বিরোধের জেরে নাটোরে বায়েজিদ (৮) নামের এক শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরতলির বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান রোডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বায়েজিদ ওই এলাকার ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসানের ছেলে। সে নাটোর পুলিশ লাইনস স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। মাহমুদুল হাসান ঢাকায় কর্মরত। তাঁর বাসায় স্ত্রী-সন্তান থাকেন। সেখানে পরিবার নিয়ে ভাড়া থাকেন পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত কনস্টেবল শাকিল আহমেদ। গত বুধবার রাতে ভাড়াটিয়ারা পিকনিক করেছিলেন জানিয়ে মাহমুদুল বলেন, সেখানে খেলার সময় শাকিলের মেয়ের সঙ্গে বায়েজিদের মনোমালিন্য হয়। এর জেরে সকালে বায়েজিদকে ডেকে নিয়ে ধারালো কিছু দিয়ে তার ডান তর্জনির ওপরাংশ কেটে দেন শাকিল। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বক্তব্যের জন্য পুলিশ সদস্য শাকিলকে ভাড়া বাসায় গিয়েও পাওয়া যায়নি। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কনস্টেবল শাকিল তাঁর শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের মৌখিক অভিযোগ করেছেন। তবে কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি, পেলে তদন্তের পর ব্যবস্থা নেবেন।
- বিষয় :
- শিশু