ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এনসিপিকে ‘লাঠিপেটা’র হুঁশিয়ারি বিএনপি নেতার

এনসিপিকে ‘লাঠিপেটা’র হুঁশিয়ারি বিএনপি নেতার
×

 সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫১

| প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর এক মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক অঙ্গন। রাজপথে এনসিপির নেতাকর্মীদের ‘লাঠিপেটা’র হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। এর জবাবে পাল্টা হুঙ্কার দিয়ে এনসিপি বলেছে, হুমকি বা পেশিশক্তি দিয়ে রাজনীতি স্তব্ধ করা যাবে না। গত বুধবারের এই বক্তব্যের পর সিলেটে এনিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

গত বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ 
হোসেন চৌধুরী বলেন, ‘এনসিপির বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান; যেখানেই এনসিপিকে পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দেওয়া হবে। এই সিলেটে এনসিপিকে জবাব দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট।’
ইমদাদ চৌধুরী আরও বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলছেন, আমরা যে আন্দোলন করছি, ওই সব মেনে নিলে ককটেল হবে না। তাহলে কি ককটেল এনসিপিই মারছে? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এনসিপির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করছেন, যা নেতাকর্মীদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। রাজপথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তাঁর দায় এনসিপিকেই নিতে হবে।

বিএনপি নেতার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট নগর এনসিপির সদস্য সচিব কিবরিয়া সারওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, রাজনীতি মানে প্রতিপক্ষকে পেটানোর হুমকি দেওয়া বা পেশিশক্তি প্রদর্শন নয়। আঘাত করার মানসিকতা গণতান্ত্রিক পরিবেশে গ্রহণযোগ্য নয়। হুমকি দিয়ে এনসিপিকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না।

ইমদাদ চৌধুরীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কারও যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে, তবে ভালো কাজ করেও লাইমলাইটে আসা যায়। অন্যকে গালি বা হুমকি দিয়ে নয়।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের রাজপথে প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব আফছর খানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমীর আলী, উসমান হারুণ পনির, কামরুল হাসান, দেওয়ান রেজা মজিদ, তছির আলী, মিছবাহ আহমদ জেহিন, শাকের, আবির হাসান মুহিন, ফাহিম আহমদ চৌধুরী ও লিমন আহমদসহ ছয় থানা ও ৪২টি ওয়ার্ডের শীর্ষ নেতারা।

আরও পড়ুন

×