জামায়াতের ঘেরাও কর্মসূচি সন্দেহে বিএনপির হামলা
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৯
| প্রিন্ট সংস্করণ
ফুলবাড়িয়ায় ইউএনওকে জড়িয়ে ফেসবুক স্ট্যাটাস নিয়ে জামায়াতের নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ইউএনওকে ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে একটি ফেসবুক আইডি থেকে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। এই ঘেরাও কর্মসূচি জামায়াত দিয়েছে সন্দেহ করে বিএনপির নেতাকর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত বুধবার একটি ফেসবুক স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়– ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) কর্মী ছিলেন। তাঁর মামা ফজলুল করিম আরিফ পাটুয়ারী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মামলার বাদী। এই স্ট্যাটাস ঘিরে তোলপাড় শুরু হয়। এরপর গত বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ‘Uno Fulbaria’ নামক ফেসবুক আইডি থেকে নিজের অবস্থান স্পষ্ট করে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, সম্প্রতি ফেসবুকে লক্ষ্য করা যাচ্ছে কয়েকটি ফেসবুক আইডি থেকে মিথ্যা, ভিত্তিহীন এবং অসৌজন্যমূলক তথ্য ছড়ানো হচ্ছে। বিষয়টি অত্যন্ত অপেশাদার এবং ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার শামিল। এ ধরনের কোনো ব্যক্তি বা সংগঠনের সঙ্গে ‘Uno Fulbaria’-এর কোনো সম্পৃক্ততা নেই। এরপর অন্য একটি ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচি জামায়াত দিয়েছে সন্দেহ করে প্রতিহত করার জন্য গতকাল সকাল থেকে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে স্থানীয় জামায়াত এমপির ভাই কিরণসহ কয়েকজকে দেখতে পেলে হামলা চালিয়ে মারধর করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানান, সামাজিক মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একটি স্ট্যাটাস ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আপাতত পরিস্থিতি শান্ত আছে।
বক্তব্য জানতে ইউএনও শহিদুল ইসলাম সোহাগের মোবাইল ফোনে কল দিলেও ধরেননি।
ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম বলেন, ‘অন্যায়কারী সব সময় অন্যায়কারী। আমরা বিষয়টির ওপর নজর রাখছি।’
ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলীর ভাষ্য, জামায়াতের লোকজন উপজেলা পরিষদের কার্যক্রমকে বিতর্কিত করার জন্য একটি মব সৃষ্টির পাঁয়তারা করছিলেন। তাদের সেই অপতৎপরতা প্রতিহত করেছে স্থানীয় জনগণ।
- বিষয় :
- বিএনপি