বিশ্ব বাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী
যশোর সার্কিট হাউজে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর অফিস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪০
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের মানুষও এর সুফল পাবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা সভা শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে কিছুটা বিলম্ব হওয়ায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম ছিল। শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে। দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
যশোরের স্বাস্থ্যসেবা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি বলেন, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আগের সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বেশিরভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে। বাকি কাজগুলো শেষ করতে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠী যাতে উন্নত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা হবে।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।