ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে ছুরিকাঘাতে যুবক নিহত

নড়াইলে ছুরিকাঘাতে যুবক নিহত
×

প্রতীকী ছবি

নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০১

নড়াইলের কালিয়ায় মানসুর মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নূর ইসলাম (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার কদমতলা ত্রিমোহনায় এ ঘটনা ঘটে।

নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্যার ছেলে। আহত নূর ইসলাম একই গ্রামের মৃত আমজাদ মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা তার দাদার জমি নিজের নামে লিখে দেওয়ার দাবি করে আসছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ মোল্যার সঙ্গে হাসিব মোল্যার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন।

এর জের ধরে শনিবার রাতে হাসিব কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম কাছে কাসেদের গায়ে হাত তোলার কারণ জানতে চান। একপর্যায়ে হাসিব ধারালো অস্ত্র বের করে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেন।

গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে তার মৃত্যু হয়। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মানসুরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত হাসিবকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
 

আরও পড়ুন

×