জগন্নাথপুর
কেন মাদকের গড়ফাদাররা গ্রেপ্তার হয়নি, প্রশ্ন এমপির
ছবি: সমকাল
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫১
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে অবিলম্বে মামলা করার নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সভায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের কোনো ধরনের ছাড় না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের তাগিদ দেওয়া হয়।
মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় মাদকের বিষয়ে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। দেশের বিভিন্ন এলাকায় বড় বড় মাদক কারবারি গ্রেপ্তার হলেও জগন্নাথপুরে কেন এখনো কোনো বড় গডফাদার গ্রেপ্তার হয়নি, সে প্রশ্ন তোলেন তিনি। মাদকসেবী ও বিক্রেতাদের পাশাপাশি এর পেছনে থাকা মূল হোতা ও তাদের আশ্রয়দাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।
সম্প্রতি জগন্নাথপুর দিয়ে সরকারি সার ও অবৈধ ভারতীয় জিরা পাচারের ঘটনারও তীব্র সমালোচনা করেন সংসদ সদস্য। চোরাচালান চক্রের মূল কারবারিদের বিরুদ্ধে অবিলম্বে নিয়মিত মামলা করার জন্য প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেন তিনি। জনস্বার্থ বিঘ্নিতকারী কোনো অপরাধীকে রাজনৈতিক বা সামাজিকভাবে আশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রশাসনকে আগাম সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন সংসদ সদস্য।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমএ মুকিত, জগন্নাথপুর থানার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) নুর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, শহিদুল ইসলাম বকুল, ছদরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোসাব্বির আহমদ ও আব্দুস সোবহান প্রমুখ।
- বিষয় :
- সুনামগঞ্জ
- মাদক
- সংসদ সদস্য
- মামলা
- আইনশৃঙ্খলা পরিস্থিতি