শিশুকন্যাকে বাঁচাতে এক মায়ের আকুতি
মীম আক্তার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
মীম আক্তারের বয়স ১ বছর ১১ মাস। জন্মের পর থেকে মাঝে মধ্যে ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট হতো তার। ১ বছর পর ধরা পড়েছে, তার হার্টে ছিদ্র আছে। মেয়ের অসুস্থতা ঘিরে দুশ্চিন্তায় পড়ে গেছেন তার দরিদ্র মা-বাবা। নিরুপায় মা অবুঝ শিশুটিকে বাঁচানোর আকুতি জানিয়েছেন।
মীম আক্তার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের মধ্যপাড়া ফলঘাটা গ্রামের মিজানুর রহমান ও গৃহিণী সাদিয়া আক্তারের বড় মেয়ে। তাদের আরও একটি ৬ মাস বয়সী ছেলে সন্তান রয়েছে।
গত রোববার রাতে মির্জাপুর প্রেস ক্লাবে এসে কান্নাজড়িত কণ্ঠে সাদিয়া বলেন, ১ বছর আগে চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয় মীমকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে দুটি ছিদ্র ধরা পড়ে। এরপর ঢাকায় জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওপেন হার্ট সার্জারি করার পরামর্শ দেন। এতে প্রয়োজন তিন লাখ টাকা। এই খরচ বহন করার সক্ষমতা নেই পরিবারের। টাকার অভাবে
তাই মেয়ের অপারেশন করাতে পারছেন না বলে জানান তিনি।
সাদিয়ার চাচা শরিফুল ইসলাম বলেন, শ্রমিকের কাজ করে এ ধরনের রোগের চিকিৎসার কথা ভেবে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন শিশুর মা সাদিয়া আক্তার। চিকিৎসা সহযোগিতার জন্য বিকাশ নম্বর ০১৬৯০২৮১৪৬৮-এ যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
- বিষয় :
- শিশু