ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গা থেকে পাঁচ রুটে বাস ধর্মঘট

চুয়াডাঙ্গা থেকে পাঁচ রুটে বাস ধর্মঘট
×

ধর্মঘটের পর চুয়াডাঙ্গায় গতকাল সোমবার সড়কের পাশে থামিয়ে রাখা বাস সমকাল

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা রয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের জরুরি সভায় ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। পাশাপাশি দাবি পূরণ না হলে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে দূরপাল্লার সব বাসও অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়।
গত রোববার জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া এলাকায় ইজিবাইক ও পাখিভ্যান চালকদের সঙ্গে বাসশ্রমিকদের বিরোধ দেখা দেয়। তখন বাসচালক ও সহকারীদের ওপর হামলা করে মহাসড়কে বাস আটকে রাখেন বলে অভিযোগ ওঠে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকা দিয়ে নিয়মবহির্ভূতভাবে এক চালক ইজিবাইক নিয়ে শহরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাঁকে ফিরিয়ে দেন। এর জের ধরে ওই ইজিবাইকচালক সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকার চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেন। তারা বাসের চালক ও সুপারভাইজারকে লাঞ্ছিত করেন। পাশাপাশি বাসে হামলা করে তাদের জিম্মি করেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল চালক ও সুপারভাইজারকে উদ্ধার করেন।
এ ঘটনার প্রতিবাদেও জেলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার করেন বাস মালিক গ্রুপের নেতারা। গত রোববার আবারও একই ধরনের ঘটনা ঘটলে তারা সোমবার দুপুরে জরুরি সভা ডাকেন। সেখানে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের সিদ্ধান্ত হয়। এদিকে এই ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীদের ভয়াবহ দুর্ভোগে পড়তে হয়েছে। 
এ বিষয়ে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলা, বাস আটকে রাখা ও মহাসড়কে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধসহ বিভিন্ন দাবি প্রশাসনকে জানানো হয়েছে। দাবি পূরণ না হলে দূরপাল্লার বাসও মঙ্গলবার সকাল থেকে বন্ধ থাকবে। চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক মালিক সমিতির দপ্তর সম্পাদক আতিকুর রহমান বিটুল বলেন, ‘আমাদের দাবি ছিল সড়কে কোনো লাঠিয়াল বাহিনী থাকবে না। প্রশাসনের পক্ষ থেকে এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এ কারণে কর্মসূচি প্রত্যাহার করেছি। আমরা কোনো বাস-কর্মচারীকে মারপিট করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’
চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আমিরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনলেও অফিসিয়ালি তাঁকে কেউ জানায়নি। দূরপাল্লার বাস ধর্মঘটের ঘোষণাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×