রোহিঙ্গাকে নাগরিক সনদ, ইউপি প্যানেল চেয়ারম্যান অপসারণ
ছবি-সংগৃহীত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:১৪
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান-১ ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লিয়াকত আলীকে অপসারণ করা হয়েছে। রোহিঙ্গা নারী রোকেয়া বেগমকে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ দেওয়ার অভিযোগে তাকে অপসারণ করা হয়।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রোকেয়া বাংলাদেশি নাগরিক না হওয়া সত্ত্বেও তাকে নাগরিকত্ব সনদ দেন লিয়াকত আলী। এ ঘটনায় গত বছরের ২০ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৬) ধারায় তাকে অপসারণ করা হয়।
এর আগে গত বছরের ২৫ আগস্ট ভুয়া কাগজপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার সময় রোকেয়া ও তার স্বামী আনিছ ধরা পড়েন। জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের উখিয়ার টেংখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেন। পরে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।