ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সম্মেলন ঘিরে দুমকি আ'লীগে উত্তেজনা

সম্মেলন ঘিরে দুমকি আ'লীগে উত্তেজনা
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ১১:২৫

সম্মেলন ঘিরে দুই ভাগ হয়ে পড়েছে পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগ। বিভক্ত দু'পক্ষ বুধবার পৃথক প্রস্তুতি সভা করেছে। এ নিয়ে দু'পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার বিকেল থেকে দুমকিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে দুমকি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।

বুধবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিকদারের সভাপতিত্বে একাংশের সভা অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়ে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অংশ নেন উপজেলা শাখার সহসভাপতি মজিবুর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী মৃধা, কৃষি সম্পাদক দেলোয়ার মোল্লা, প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান এবং কার্যনির্বাহী কমিটির ৩০ সদস্য।

এদিকে দলের আরেক অংশের সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে। উপজেলা সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-অর রশিদ হাওলাদার, সহসভাপতি সৈয়দ গোলাম মরতুজাসহ তাদের সমর্থকরা অংশ নেন। উভয়পক্ষই আগামী ১৫ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের যাবতীয় প্রস্তুতির কথা তুলে ধরেন।

সম্মেলনকে কেন্দ্র করে পৃথক সভা করার বিষয়ে জানতে চাইলে সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী মৃধা বলেন, কেন্দ্র ও জেলা আওয়ামী লীগের অনুমোদিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিকদারের সভায় না এসে যারা আলাদা সভা করেছেন, তাদের কোনো সাংগঠনিক বৈধতা নেই। অপর পক্ষের সহসভাপতি আবুল কালাম আজাদ নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি দাবি করে বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর স্বাক্ষরিত চিঠি পেয়ে তারা সম্মেলনের জন্য প্রস্তুতি সভা করেছেন।

পৃথক সম্মেলন প্রস্তুতি সভা করার পর দুমকিতে উপজেলা আওয়ামী লীগের দু'পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় সেখানে এক প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুমকি থানার ওসি বলেন, উপজেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×