কালিহাতীতে প্রতিমা ভাংচুর
টাঙ্গাইল ও কালিহাতী প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৯:০২
টাঙ্গাইলের কালিহাতীতে একটি কালীমন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার বাংড়া যুগীবাড়ী মদন মোহন নাথের ঠাকুরদার কালীমন্দিরে এ ঘটনা ঘটে। মন্দিরে থাকা পাঁচটি প্রতিমার মধ্যে মহাদেব, জুগিনি ও শীতলার মাথা কেটে ফেলে দুর্বৃত্তরা। কালী ও ডাকিনী প্রতিমা মন্দিরে ফেলে রেখে যায়।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) রাসেল মনির, জেলা গোয়েন্দা পুলিশের (উত্তরের ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, থানার ওসি হাসান আল মামুনসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।
ওসি হাসান আল মামুন বলেন, একটি মহল পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটাচ্ছে। পুলিশ তাদের আটক করার জন্য কাজ করছে।
টাঙ্গাইল পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে বলেন, অসাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে যারা মসজিদ-মন্দিরে হামলা করে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
এর আগে বুধবার ভোরে কালিহাতী পৌর এলাকার সিলিমপুর উত্তর সেন বাড়ির সর্বজনীন কালীমন্দিরের প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় মন্দির কমিটির সভাপতি অতিশ চন্দ্র সেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দয়ের করেন। সেই মামলায় এখনও কোনো দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
- বিষয় :
- টাঙ্গাইল
- প্রতিমা ভাংচু